অপরাধ সম্পর্কে যেভাবে রিপোর্ট করবেন
- সংঘটিত অপরাধ সম্পর্কে যতটুকু সম্ভব বিস্তারিত দেবেন, যেমন কি দেখেছেন, শুনেছেন, অনুভব করেছেন এবং গন্ধ পেয়েছেন।
- আপনার নিজের বা আপনার বন্ধুদের এবং পরিবারের নিরাপত্তা ও গোপনতা নিয়ে চিন্তিত থাকলে পুলিশকে তা বলবেন।
- অপরাধীর নির্যাতন যদি জাতি, সমকামীতা, ধর্ম বা ডিজেবিলিটির সাথে সম্পর্কযুক্ত বলে মনে করেন তাহলে পুলিশকে তা বলবেন
- আপনার বিশেষ কোনো প্রয়োজনীয়তা বা প্রতিবন্ধকতা, উদাহরণস্বরূপ আপনার কোনো স্বাস্থ্য সমস্যা বা ধর্মীয় প্রয়োজনীয়তা, থাকলে সে সম্পর্কেও পুলিশকে বলবেন, যাতে করে তারা আপনাকে সম্ভাব্য সর্বোত্তম সেবা দিতে পারেন।
পুলিশ আপনাকে নিম্নলিখিত যোগাযোগের বিবরণ দেবে:
- পুলিশ স্ট্যাশনের নাম
- পুলিশ স্ট্যাশনের টেলিফোন নাম্বার
- ঘটনার দায়িত্বে নিয়োজিত পুলিশ অফিসারের নাম, পদমর্যাদা এবং ফৌর্স নাম্বার
- ক্রাইম রেফারেন্স নাম্বার
- ক্রাইম ডেস্কের টেলিফোন নাম্বার(যদি তা থাকে)।
আপনার কোনো কিছু জানার থাকলে বা কোনো সমস্যা থাকলে, অথবা ঘটনা সম্পর্কে বাড়তি কোনো কিছু মনে পড়লে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন।
তারপর কি হবে?
পুলিশ সাক্ষিদের সাথে কথা বলে এবং তাদের জবানবন্দি নিয়ে এবং ফরেন্সিক টেস্ট (ঘটনার সাথে জড়িত আলামতের রাসায়নিক পরীক্ষা) করে অপরাধটি তদন্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য এবং সাক্ষ্য প্রমাণ রয়েছে কি না তা নির্ধারণ করবে।
অপরাধটি আরো তদন্ত করা হবে কি না এবং করা না হলে তার কারণ আপনাকে জানানো হবে।
আসামী বা আসামীদেরকে গ্রেফতার করা হলে, তার বা তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলে, জামিনে মুক্তি দেওয়া হলে, সাবধান করে দিয়ে থাকলে অথবা তিরষ্কার করা হয়ে থাকলে তা আপনাকে জানানো হবে। অপরাধকারীর বয়স 18 বছরের নিচে হলে ইয়ূথ অফেন্ডিং টিম আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং রেস্টোরেটিভ প্রোসেসে (অপরাধের ভূক্তভোগীর উপর অপরাধের প্রভাব বুঝতে অপরাধীকে সাহায্য করার প্রক্রিয়ায়) অংশ নিতে আপনি রাজি আছেন কি না তা জানতে চাইবে।
কোর্টে (আদালতে) যাওয়া
যদি আপনার মামলাটি কোর্ট পর্যন্ত গড়ায়, তবে:
- একটি উইটনেস কেয়ার ইউনিট (সাক্ষ্যদের সাহায্যকারী বিভাগ) থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। কোর্টে মামলা চলার শুরু থেকে শেষ পর্যন্ত মূলত এদের সাথেই আপনাকে যোগাযোগ করতে হবে। তারা আপনাকে ব্যবহারিক সহায়তা এবং তথ্য প্রদান করবেন।
- কোর্টে গিয়ে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে ভিক্টিম সাপোর্ট নামের একটি প্রতিষ্ঠানের উইটনেস সার্ভিস (সাক্ষিদের সেবা বিভাগ) আপনাকে বিনামূল্যে এবং গোপনতা বজায় রেখে সহায়তা প্রদান করবে।
কার্যপ্রণালী বিধি
অপরাধের ভূক্তভোগী হিসাবে আপনার অধিকার রয়েছে :
- ভিক্টিম সাপোর্ট বা স্থানীয় কোনো প্রতিষ্ঠানের কাছে সাহায্যের জন্য পাঠানোর
- আপনার মামলার অগ্রগতি সম্পর্কে অন্ততপক্ষে মাসে একবার তথ্য জানার এবং বড় ধরনের কোনো কিছু ঘটে থাকলে, যেমন আসামী গ্রেফতার হয়ে থাকলে বা আসামীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়ে থাকলে সে সম্পর্কে জানার
- আনীত অভিযোগ তুলে নেওয়া হয়ে থাকলে বা তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়ে থাকলে সে সম্পর্কে জানার
- কোর্টে শুনানির তারিখ জানার এবং সাক্ষি হিসাবে আপনাকে কোর্টে যেতে হলে তা জানার
- মামলার ফলাফল(এবং অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে কি না, প্রদত্ত সাজার বিবরণ এবং যে কোনো আপীল সম্পর্কে) জানার।
হোম অফিসের ওয়েবসাইটে সম্পূর্ণ কার্যপ্রণালী বিধি পড়তে পারবেন। সেখানে কিছু অনুবাদ রয়েছে।